আমি বড়ো স্বার্থপর জানো,আমি চাই,তুমি আমার সাথে থাকলে
তোমার মাঝে মাঝে জ্বর হোক
শরীরের উত্তাপ মাপার অছিলায়
বেশ তোমার কপাল,ঘাড়,গলা ছোঁবো
তুমি কি ধরে ফেলবে আমার অভিসন্ধি?
সরিয়ে দেবে হাত?
নাকি সবটা ধরার পরেও আস্কারা দেবে চোখে?
ফাটাফুটি ঠোঁট নিয়ে কাটাকুটি খেলবে? বলো
তারপর এই ধরো,জ্বরের ঘোরে মাঝরাতে
কোন খারাপ স্বপ্ন দেখে জড়িয়ে ধরবে আমায়,
আমি বলব, "স্বপ্ন সোনা স্বপ্ন,এইতো আমি"
ততক্ষণে মেখে নেব জ্বরের শরীরের ঘ্রাণ
কিংবা ধরো,মাঝরাতে তোমার জ্বর বাড়ল,
তুমি আবোল-তাবোল বকা শুরু করলে
তখন তোমার কপালে জলপট্টি দিতে দিতে
আমি ঠিক খুঁজে নেব,
তোমার আবোল-তাবোলেও আমি আছি কিনা!
আমায় বড়ো স্বার্থপর মনে হচ্ছে,তাইনা?
আচ্ছা, অভিভাবক হলে ভালো লাগতো তোমার?
মানে এই ধরো, তোমার জ্বর বলে
বাজার থেকে একগাদা ফল কিনে আনলাম
সত্যি ভালো লাগতো?
তুমিতো জানো,সত্যিটা তুমি জানো
দামাল প্রেমিক আসলে খামে নয়,
ঠোঁটে করে প্যারাসিটামল নিয়ে ঘুরে বেড়ায়..
লেখক: গোলাম মোস্তফা ঈসা

0 coment rios: